প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিটর : ২)
সুন্দরবন এলাকায় পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ৪ মে ভোরে দাকোপ উপজেলা-এর ঢাংমারী খাল সংলগ্ন একটি ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি সংঘবদ্ধ চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। দুষ্কৃতিকারীরা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করলে কর্তৃপক্ষ টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একই দিন বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ঢাংমারী খাল এলাকা থেকে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা খুলনার দাকোপ এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।