প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিটর : ১)
টাঙ্গাইলে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলাকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলার প্যান্ডেল টাঙানোর অভিযোগ উঠেছে। ভাস্কর্যের পাশেই ময়লার স্তূপ,যা পুরো বিষয়টিকে আরও দৃষ্টিকটু করে তোলে। অনেকেই এটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন।
জানা যায়, গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ মেলার উদ্বোধন করেন। উদ্যানটিতে আয়োজিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের জন্য ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে কাঠ টাঙানোর ছবি রোববার (৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মেলার আয়োজন করায় শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। উদ্যানে থাকা সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যের পাশেই ময়লার স্তূপ। গত ২৪ এপ্রিল এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পরে গত রোববার মেলার শেষ দিনে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মিত স্টলগুলোর টানা দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে বলে দেখা যায় ছবিতে।
এদিকে ছবিটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
আল আমীন খান নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর?’
উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম লিখেছেন, ‘ছবিতে দেখুন বীরশ্রেষ্ঠদের গলায় বাঁধা মেলার স্টলের দড়ি। সেই দড়িতে ঝুলছে কাপড়। পাশে ময়লার স্তূপ। এটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা ইতিহাসের অপমান। যাঁরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাঁদের গলায় আমরা দড়ি বাঁধছি।’
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন অনেকে।
এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এ কাজ করেছেন, তার জানা নেই। বিষয়টি বিসিকের নজরে আসার সঙ্গে সঙ্গে দড়ি খুলে নেওয়া হয়েছে।