প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:১০ পিএম (ভিজিটর : ৫)

ফেসবুকের লাইভ করে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাক চালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের এয়াতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ওই শিশুর লালন পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।
সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নগদ অর্থ দেন এবং নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালীয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক স্থানীয় বিশ জনকে সজোরে ধাক্কা দেয়। এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় উত্তেজিত জনতা সড়কে ইট, পাটকেল, ব্লক ফেলে সড়ক অবরোধ করে।
পরে চালক হান্নান শেখকে (২৯) নামিয়ে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকের আরো দুই হেলপার আলামিন ও নাঈম নামে দুইজন হাসপাতালে ভর্তি আছে। ২১ দিনের শিশু মুসলিমাকে রেখে তার মা অন্যত্র চলে গেছেন এবং বাবাকেও ২ বছর বয়সে হারাতে হল।
এমটিআই