প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিটর : ২)
সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তাকে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এর জারি করা আদেশ বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশের আওতায় পড়বেন।
এর আগে, ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন এই আদেশে সেই বিধানের পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে জানিয়ে এ আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল চিঠির পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।