প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিটর : ২০)
নেত্রকোনার পূর্বধলায় শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ মে) ভোরে পূর্বধলা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার পরিমাণ প্রায় ৬০০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরার চালানটি জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।