ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



আনুষ্ঠানিক যাত্রা শুরু ভোরের ডাক অনলাইন ও মাল্টিমিডিয়ার
মালিহা ওয়াদুদ চাঁদনী
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : ২০৭)
দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্য ধারণ করে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক ‘ভোরের ডাক’ নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ‘এগিয়ে থাকার জন্য’ স্লোগানকে ধারণ করে পত্রিকাটি ইতোমধ্যে ৩৬ বছরে পদার্পণ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার তারা আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ভোরের ডাক অনলাইন’ ও ‘ভোরের ডাক মাল্টিমিডিয়া’ প্ল্যাটফর্ম।

শনিবার (২ মে) ভোরের ডাক কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে এই নতুন যাত্রার উদ্বোধন করা হয়। এতে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তি, সুধীসমাজ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল যুগের চাহিদা পূরণে অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ভিডিও কনটেন্ট, লাইভ আপডেট, ফিচার স্টোরি এবং অনুসন্ধানী প্রতিবেদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশ-বিদেশের সর্বশেষ খবর, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদনসহ নানা বিষয়ের সংবাদ এক প্ল্যাটফর্মে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নতুন এই প্ল্যাটফর্মটি দ্রুতই পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা।

পত্রিকাটির মফস্বল সম্পাদক আবদুর রহমান মল্লিক বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের একটি গল্প আছে। গ্রাম থেকে শহর, শেকড় থেকে শিখরে, আমরা সেই গল্পগুলো বলতে চাই যা সচরাচর আড়ালে থেকে যায়। আমাদের এই প্ল্যাটফর্ম কেবল সংবাদ পরিবেশন করবে না, বরং এটি হবে আমাদের সংস্কৃতি, মেধা আর সৃজনশীলতার একটি আয়না। দেশ ও দেশের মানুষের ভালো লাগা, মন্দ লাগা আর অধিকারের প্রশ্নে আমরা থাকব অবিচল। সুস্থ বিনোদন আর গঠনমূলক কনটেন্টের মাধ্যমে আমরা গড়তে চাই এক সচেতন প্রজন্ম।

প্রধান প্রতিবেদক সুজন দে বলেন, বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্য এখন আর শুধু কাগজে বা টিভির পর্দায় সীমাবদ্ধ নেই। আমাদের অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মুহূর্তের খবর মুহূর্তেই চোখের সামনে পান_ সবচেয়ে সহজ এবং আধুনিক প্রযুক্তিতে। আমরা শুধু শব্দে নয়, ভিডিও, গ্রাফিক্সের মাধ্যমে খবরের এক নতুন মাত্রা দিতে প্রস্তুত।

বার্তা সম্পাদক মিজানুর রহমান বলেন, ডিজিটাল এই যুগে আমরা শুধু সংবাদ দেব না, সংবাদের পেছনের সত্যটুকু আপনার দরজায় পৌঁছে দেব। আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন দেশ তখনই শক্তিশালী হয়, যখন তার নাগরিকরা সঠিক তথ্য পায়। আমাদের এই নতুন যাত্রায় পাঠক-দর্শকরাই আমাদের শক্তি। সঙ্গে থাকুন, আমরা আপনাদের কথা বলতে আসছি।

ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান মাকসুদ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে গণমাধ্যমের ভূমিকা আরো বিস্তৃত হয়েছে। সেই বাস্তবতায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমটি ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে একটি সমন্বিত অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম চালু করেছে। এখানে পাঠক-দর্শকের কাছে দ্রুত, নির্ভুল ও যাচাইকৃত তথ্য পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর কনটেন্টে গুরুত্ব দেওয়া হবে। সংবাদ পরিবেশনে আনা হবে বৈচিত্র্য ও গতিশীলতা। পাঠকের আস্থা অর্জন এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

উপদেষ্টা দারা মাহমুদ বলেন, মাল্টিমিডিয়া দৈনিক পত্রিকার অপরিহার্য অংশে পরিণত হয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ভোরের ডাকে মাল্টিমিডিয়া পুনরায় শুরু হচ্ছে। আমি আশা করছি পাঠক ও দর্শকদের মধ্যে এই উদ্যোগ জায়গা করে নেবে।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন বলেন, ‘বর্তমান বিশ্ব একটি সংকটময় সময় অতিক্রম করছে। কেউ বলছে মানুষ সংবাদপত্র থেকে দূরে সরে যাচ্ছে, আবার কেউ বলছে সংবাদের প্রতিই আগ্রহ কমে গেছে। এমন সময়ে আমরা নতুন করে অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন চালু করছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের এই প্ল্যাটফর্ম মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় আকাক্সক্ষা তুলে ধরবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে এবং তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার কথা বলবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে ‘ভোরের ডাক অনলাইন ও মাল্টিমিডিয়া’ প্ল্যাটফর্মে জাতীয়, আন্তর্জাতিক, বাণিজ্য, খেলাধুলা, বিনোদন, মতামত ও ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট প্রকাশ শুরু হয়েছে। দ্রুততম সময়ে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দিতে একদল নিবেদিত সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের গণমাধ্যমে আধুনিক ও বহুমাত্রিক এক প্ল্যাটফর্ম যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমটিআই







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com