দরজার বাইরে উত্তেজিত জনতা, আর ঘরের ভেতরে আতঙ্কে কাঁপছে দুই চোর। গণপিটুনির হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত নিজেরাই পুলিশকে ফোন করল তারা। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার রাউরকেলায়।
গত ২৯ এপ্রিল একটি দোতলা বাড়িতে চুরি করতে ঢোকে দুই ব্যক্তি। সে সময় বাড়ির মালিকেরা বাসায় ছিলেন না। সুযোগ বুঝে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। তবে ঘরের ভেতরের খুটখাট শব্দে সন্দেহ হয় পাশের এক প্রতিবেশীর। তিনি স্থানীয়দের বিষয়টি জানালে মুহূর্তেই বাড়িটির বাইরে জড়ো হতে থাকে উৎসুক ও ক্ষুব্ধ মানুষ।
এদিকে বাইরে কী ঘটছে, শুরুতে তা টেরই পায়নি চোরেরা। পরে পরিস্থিতি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে তারা। দরজা খুললেই জনতার রোষের মুখে পড়তে হবে— এমন আশঙ্কায় তারা ঘরের ভেতরেই আটকা পড়ে যায়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে নিজেরাই পুলিশকে ফোন করে উদ্ধার করার অনুরোধ জানায়।
পুলিশ জানায়, ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা বাড়ির সামনে উত্তেজিত জনতার ভিড় দেখতে পান। পরে ভিড় সরিয়ে ঘরের ভেতর থেকে দুই চোরকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
পরে বাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।