ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুইদিনে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১:২৮ পিএম  (ভিজিটর : ২১)
দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে দুইদিনেই অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর মধ্যে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় চার নারী ও এক শিশুসহ ১৩ জনের নিহত হওয়ার খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর নাবাতিয়েহ জেলায় বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ ৮ জন নিহত হন।

এর বাইরে সিদন জেলার জারিয়েহ’তে দুই নারীসহ চারজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া তায়ার জেলার আইন বালে আরেকজন নিহত হন।

শুক্রবার সব মিলিয়ে ইসরায়েলি হামলায় ৩২ জন আহত হয়েছে বলেও লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

শনিবার নাবাতিয়েহ জেলার চুকিনে ইসরায়েলের হামলায় তিনজনের নিহত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা। এদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলেও তাদের প্রতিবেদনে বলা হয়েছে।

একইদিন হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা জালিয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে লড়াইয়ে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল ইসরায়েল। তাদের হিসাবে মার্চ থেকে লেবাননে ১৭ সেনা হারিয়েছে তারা।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথমদিকেই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর প্রতিশোধ নিতে যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ’ও। ইসরায়েল পরে লেবাননে স্থল অভিযানে নামে।

ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকের পর ১৬ এপ্রিল তেল আবিব ও বৈরুতের মধ্যে ১০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতির ঘোষণা আসে।

তবে ওই যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ওয়াশিংটনে দুই রাষ্ট্রদূতের মধ্যে আলোচনাই ছিল ১৯৯৩ সালের পর দুই দেশের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২৩ এপ্রিল দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন।

হিজবুল্লাহ এসব যুদ্ধবিরতিতে না থাকলেও তারা বলেছিল, ইসরায়েল যদি যুদ্ধবিরতির সব শর্ত মানে, তাহলে তারাও কোনো সংঘাতে জড়াবে না।

যদিও শেষ পর্যন্ত এসব যুদ্ধবিরতি কেবল ‘কাগজেই দেখা যাচ্ছে’। দক্ষিণ লেবাননে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

মার্চের শুরু থেকে তাদের হামলায় লেবাননে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ নিহতদের মধ্যে জরুরি পরিষেবা ও স্বাস্থ্য কর্মীর সংখ্যাই শতাধিক, বলছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমটিআই





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com