প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিটর : ৩৯)
তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, শনিবার রাতে মুম্বাইয়ের স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ দোখাদিয়া তার পরিবার ও আত্মীয়দের নিয়ে রাতের খাবার শেষে সবাই মিলে তরমুজ খান। এরপর তারা ঘুমিয়ে পরেন। শেষ রাতের দিকে তাদের সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। প্রথমে গুরুত্বর আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পরেন। কয়েক ঘণ্টার ব্যবধানে তার স্ত্রী নাসরিন, দুই মেয়ে জয়নাব ও আয়েশারও মৃত্যু হয়।
বিষাক্ত তরমুজ খেয়ে মৃত্যুর কথা ছড়ালেও ফরেনসিক রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
ফরেন্সিক রিপোর্টে উঠে আসে, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র, অন্ত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ অস্বাভাবিকভাবে সবুজাভ হয়ে গেছে। যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।
তদন্তে বড় মোড় আসে যখন আবদুল্লাহ দোখাদিয়ার শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া যায়। শক্তিশালী এই ব্যথানাশক কিভাবে তার শরীরে এলো, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। এটি চিকিৎসাজনিত নাকি অন্য কোনোভাবে শরীরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বাইয়ের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি। ওইদিনের নৈশভোজে খাসির পোলাও খাওয়ার পরও তারা সুস্থ ছিলেন।
মৃত্যুর সঠিক কারণ জানতে আরো ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলতে চায়নি দেশটির পুলিশ। তবে তারা জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।