প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম (ভিজিটর : ৩১)
ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার নারীদের এলপিজি কার্ড দেবে সরকার। গ্যাসের সমস্যা সমাধানে মা-বোনদের এই কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।
মা-বোনদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, মা-বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, রান্নাবান্নার ব্যাপারে কষ্ট হয়; সেটি গ্রামের মা-বোনই হোক, শহরের মা-বোনই হোক। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে আমরা যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সে রকম আরেকটি কাজ দিতে চাই—সেটি হবে এলপিজি কার্ড। এলপি গ্যাস এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দেব যাতে করে মা-বোনদের রান্নাবান্নার জন্য কষ্ট করতে না হয়।