প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিটর : ২১৮)
খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল রাখা সম্ভব। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
তিনি বলেন, একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তর থেকে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা তৈরিরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিশুদের সুস্থ বিকাশে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাবেক সহসভাপতি পারুল নাহারসহ বিএনপির নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।