প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিটর : ১৮)
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানের হাতে রফিকুল ইসলাম রুবেল (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মা ও ছেলেকে আটক করেছে।
সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে রয়েল (২৫) মিলে ঘরের ভেতর রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করে। পরে ভোরে ঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে রয়েল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি নেশাগ্রস্ত থাকায় পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। এ নিয়েই পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল বলে জানান এলাকাবাসী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মা-ছেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।