প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিটর : ২১)
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী গণনায় ক্রমে স্পষ্ট হচ্ছে পালাবদলের ইঙ্গিত। রাজ্যজুড়ে বিজেপি-ঝড়ে শাসক শিবিরের একাধিক হেভিওয়েট মন্ত্রী নিজ নিজ কেন্দ্রে কঠিন চাপে পড়েছেন। বিকেল ৫টা পর্যন্ত গণনায় অন্তত ১৪ জন মন্ত্রী পিছিয়ে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, এটি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
লড়াইয়ে পিছিয়ে যারা
বিকেল ৫টা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমদম কেন্দ্র থেকে পিছিয়ে বিদায়ি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন স্বাস্থ্য ও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এদিকে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্রে পিছিয়ে বিদায়ি সেচমন্ত্রী মানস ভুঁইয়া, আর শালবনি কেন্দ্র থেকে পিছিয়ে ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা।
বিনপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন।
মালদহের মোথাবাড়ী কেন্দ্রে পিছিয়ে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।
এ ছাড়া পিছিয়ে রয়েছেন জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়, স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
ব্যক্তিক্রম যারা
এই ভরাডুবির মধ্যেও ব্যতিক্রম দুই মন্ত্রী। বালিগঞ্জ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কলকাতা বন্দর কেন্দ্র থেকে ব্যবধান বাড়িয়ে এগিয়ে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাদের এগিয়ে থাকার খবরে শাসক শিবিরে আংশিক স্বস্তি জোগাচ্ছে।