প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৩৯ এএম (ভিজিটর : ৪১)
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। ইতোমধ্যে জামিলের মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা করেছে তার স্বজনরা। সেখানে মাগরিবের পর জানাজার পর দাফন করা হবে তার মরদেহ।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উপস্থিত ছিলেন লিমনের বাবা-মা সহ পরিবারের সদস্যরাও।
জামিলের বাবা জহুরুল হক বলেন, বাবা হিসেবে আমার সবচেয়ে কষ্ট ও দুঃখ। আমার ছেলেকে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি। কোনো প্রকার তাদের কষ্ট দিইনি। কোনো প্রকার শারীরিক কোনো শাস্তিও দিইনি। যা শাসন করেছি, মুখে শাসন করেছি। আমার ছেলেকে এভাবে যে মরতে হবে জানতাম না, আল্লাহ জানেন কী কষ্ট দেওয়া হয়েছে। এটাই আমার কাছে কষ্ট।
অন্যদিকে, জামিলের মামা জানান, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব জামিলের জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো নির্দিষ্ট তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও রুমমেট সংক্রান্ত কোনো বিষয় তিনি কখনও শেয়ার করেনি। কোনো ধরনের ঝামেলা বা সমস্যার কথাও পরিবারকে জানায়নি। স্বাভাবিকভাবেই সবকিছুই চলছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারসহ যুক্তরাষ্ট্র সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানাই।
জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এমটিআই