মোরগ পোলাও খাইয়ে স্বর্ণালংকার লুট, পলাতক দুই নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে অভিনব কৌশলে একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা

2026-11-28T17:08:24+00:00
2026-11-28T18:05:35+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজধানী
মোরগ পোলাও খাইয়ে স্বর্ণালংকার লুট, পলাতক দুই নিরাপত্তাকর্মী
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডিতে অভিনব কৌশলে একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকানটির মালিক। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের কয়েকজনের সম্পৃক্ততা সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়। পরে তাঁরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দোকানে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া সম্পদের পরিমাণ বিবেচনায় ঘটনাটিকে বড় ধরনের লুটের ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঘটনার তদন্তে নেমে নিরাপত্তাকর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করার ঘটনায় তাঁদেরই কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। তাঁদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এ ঘটনায় আরও চারজনকে আটক করা হয়েছে।

দোকানটির ব্যবস্থাপক সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে মোট তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

সিসিটিভি ক্যামেরার ফুটেজেও চুরির ঘটনায় একাধিক ব্যক্তির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও শনাক্ত হয়েছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে চুরির খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরির পরিকল্পনা, নিরাপত্তাকর্মীদের ভূমিকা এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: