
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখল করে বসা হকারদের আবারও উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বিকেল ৩টা থেকে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি আবারও বিভিন্ন ফুটপাত দখল করে বসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বুধবার প্রশাসক নিজে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন তিনি। কাজটি দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রশাসক।