সড়কে হতাহতদের স্মরণে ডিএনসিসির গোলটেবিল সভা, নিরাপদ সড়কের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সড়কে হতাহত ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্র্যান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে গোলটেবিল সভা করেছে

2026-11-20T12:33:04+00:00
2026-11-20T12:33:04+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রাজধানী
সড়কে হতাহতদের স্মরণে ডিএনসিসির গোলটেবিল সভা, নিরাপদ সড়কের দাবি
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
সড়কে হতাহতদের স্মরণে ডিএনসিসির গোলটেবিল সভা, নিরাপদ সড়কের দাবি
সড়কে হতাহত ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্র্যান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে গোলটেবিল সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সকালে গুলশান-২-এ অবস্থিত নগর ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক, গুলশান জোন) মো. জিয়াউর রহমান। দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অনেক ফুটপাত অবৈধ দখলের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল নিরাপদ করার উদ্যোগ নিয়েছে। কেউ যাতে অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের ঝুঁকিতে ফেলতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে ডিএনসিসি সামর্থ্য অনুযায়ী কাজ করছে।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়গুলো নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং আঁকা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ডিএনসিসি। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে উৎসাহিত করার জন্য জনসচেতনতামূলক প্রচারণার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরেন। তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং যানবাহনের মধ্যে প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানান।

ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে ডিটিসিএ। সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক, গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণের জন্য এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফুট সড়কে গতিসীমা লঙ্ঘনের দায়ে জরিমানা করায় চালকদের মধ্যে গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।

ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়ক নিরাপদ করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারও এ পদ্ধতি গ্রহণের অঙ্গীকার করেছে। এ জন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।

প্রবন্ধ উপস্থাপনকালে ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের স্মরণে আয়োজিত এ বৈশ্বিক দিবসের মূল উদ্দেশ্য হলো সড়কে নিহত ব্যক্তিদের স্মৃতি স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সহানুভূতিশীল ও সচেতন সমাজ প্রতিষ্ঠা। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানানো।

সড়ক দুর্ঘটনায় নিহত মেয়ের স্মৃতিচারণা করে অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হওয়ার সময় দুটি দ্রুতগতির বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে তাঁর মেয়ে বাসচাপায় প্রাণ হারান। তিনি বলেন, “আমি চাই না এভাবে আর কোনো মায়ের কোল খালি হোক।” এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় ছোট ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রস্তাবিত খসড়া আইন দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড় বোনের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএসের নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। তিনি জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তাঁর বোন আহত হওয়ার পর তাঁর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও আলোচনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার এবং মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার (মানস) সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: