হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে কাস্টমসের ছাড়পত্রবিহীন এসব ওষুধ উদ্ধার করা হয়।
রোববার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের RAW-C এলাকায় ব্যাগটি স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক মনে হয় দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের (২৭ বিএন) কাছে।
পরে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন তিনি। এ সময় ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।
ঘটনাটি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। ওয়াকিটকির মাধ্যমে নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে যান এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।
পরে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হয়। তাঁর উপস্থিতিতে জব্দ করা ওষুধগুলো এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।