‘প্লাটিনাম পার্ক’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে ফুড কোর্টের বরাদ্দ দেওয়া হয় মনিরুল হক খানকে। শুধু পৃষ্ঠপোষকতা নয়, দাফতরিক জালিয়াতির মাধ্যমে অবৈধ দখলদারকেই বৈধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর প্রমাণ মিলেছে একটি গঠমাধ্যমের অনুসন্ধানে। আর এমন তুঘলকি কাণ্ড ঘটাতে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা উপেক্ষা করেছেন দেশের উচ্চ আদালতের রায়কেও।
অনুসন্ধানে দেখা যায়, হাতিরঝিল প্রকল্পের নির্মাণকালে এর আয় থেকে ব্যয় নির্বাহের লক্ষ্যে কিছু মোবাইল ফুড কোর্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ‘প্লাটিনাম পার্ক’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে একটি মোবাইল ফুড কোর্টের বরাদ্দ দেওয়া হয় মনিরুল হক খানকে। ২০১৬ সালে মেজর কাজী শাকিল হোসেনের স্বাক্ষরিত এক কার্যাদেশের মাধ্যমে বিষয়টি তাকে জানানো হয়।
তবে বর্তমানে মোবাইল ফুড কোর্টটির নাম ঠিক থাকলেও এর দখল মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির। কীভাবে মনিরুল হকের বরাদ্দের ‘প্লাটিনাম পার্ক’ মাহবুবুর রহমানের হয়ে গেল, তা জানতে একাধিকবার ফুড কোর্টটিতে গেলেও পাওয়া যায়নি মাহবুবুর রহমানকে। কোনো কাগজপত্রও দেখাতে পারেননি মাহবুবুর রহমানের ম্যানেজার মিজানুর রহমান।
বিষয়টি জানতে চাইলে হাতিরঝিল প্রকল্পের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকারের সঙ্গে। তিনি প্রথমে দাবি করেন, বরাদ্দ পাওয়ার পর মনিরুল হক খানকে খুঁজে পাওয়া যায়নি। তাকে একাধিক চিঠি বা নোটিশ করা হলেও তিনি আসেননি।
তবে রাজউকের পাঠানো সেই নোটিশ ও চিঠিগুলো বিশ্লেষণ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। বরাদ্দ পেতে মনিরুল হক খানের আবেদন এবং তার পাওয়া কার্যাদেশে ঠিকানা দেওয়া হয়েছে—টি-৮০/৮১, গুলশান লিংক রোড, বাড্ডা, ঢাকা। তবে রাজউক থেকে সব চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে মুসকাট টাওয়ার, প্লট নম্বর-৫৬, রোড নম্বর-১৫ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা ঠিকানায়।
মনিরুল হকের চিঠি ও নোটিশ কোন ঠিকানায় পাঠিয়েছে রাজউক, তা জানতে ধানমন্ডি এলাকায় গেলে মেলে আরও বিস্ময়কর তথ্য। ৫৬ নম্বর প্লটের অস্তিত্বই নেই সেখানে! স্থানীয়রা জানান, পুরাতন ১৫ নম্বর সড়কে দুটি প্লট নেই, এর মধ্যে একটি ৫৬।
অনুসন্ধান বলছে, প্রথমে ঠিকানা পাল্টে পরে মালিকের নামই পাল্টে ফেলার চেষ্টা চালিয়েছে রাজউকের একটি চক্র। বিষয়টি নিশ্চিত হওয়া যায় তাদের ভাড়া আদায়ের সার্ভার থেকেও। সেখানে দেখা যায়, প্রতি মাসে যমুনা ব্যাংকের মাধ্যমে ‘প্লাটিনাম পার্ক’-এর যে ভাড়া পরিশোধ করা হয়, সেখানে মনিরুল হক খানের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে মাহবুবুর রহমানের নাম।
২০২০ সালে মনিরুল হক খানের চুক্তি বা বরাদ্দ বাতিল না করেই মাহবুবুর রহমান ও রাজউকের মধ্যে একটি বরাদ্দ চুক্তিপত্র প্রস্তুত করা হয়। যেখানে বরাদ্দগ্রহীতার স্বাক্ষর থাকলেও রাজউক কর্তৃপক্ষের কারও স্বাক্ষর নেই।
বিষয়টি নিয়ে মনিরুল হক খান বলেন, বরাদ্দ পেয়ে মোবাইল ফুডকোর্ট হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। তবে স্থান পরিবর্তনের আবেদন করার পর তাকে মৌখিকভাবে জানানো হয়, তার বরাদ্দ বাতিল হয়েছে।
তবে ২০১৯ সালে তিনি জানতে পারেন, তার নামে পাঠানো চিঠি ও নোটিশ ভুল ঠিকানায় পাঠিয়ে কৌশলে তার বরাদ্দকৃত ফুড কোর্টটি আরেকজনকে দখল করিয়ে দিয়েছে খোদ রাজউকের কিছু কর্মকর্তা। পরে ২০২১ ও ২০২২ সালে লিখিতভাবে একাধিকবার রাজউক চেয়ারম্যানকেও বিষয়টি জানান তিনি। তিনি বলেন, এ বিষয়ে আদালতে একটি রিট করেছি, শীঘ্রই আরো একটি করবো।