রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বুধবার বিকেলে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বস্তির একটি অংশে আগুন লাগে। পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি ঘটনাস্থলে যান। প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানিও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুধবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রশাসক আরও জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি নির্দেশনা দিয়ে বলেন, সরকার বাড়িঘর পুনর্নির্মাণ করে দেবে। তাই ভূমির মালিকেরা আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নিতে পারবেন না। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে তাঁদের উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার নোটিশও দেওয়া যাবে না।
পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে অনিয়ম ঠেকাতে একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজের নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন। সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।