রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর পল্লবী থানার সেকশন-১২ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী সদস্য অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ ওসমান গনি সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে ফোর স্টার গ্রুপের সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা বিভিন্ন সময় মহড়া দিতেন এবং সেসবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন। এ ছাড়া অস্ত্রগুলো ভাড়ায় পেশাদার অপরাধীদের সরবরাহ করা হতো বলে জানায় এসআরবি-৪। এসব অস্ত্র ব্যবহার করে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতো বলে দাবি সংস্থাটির।
এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, সোহাগের বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে আরেকটি অভিযান চালায় এসআরবি-৪। সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের সাত থেকে আটজন সদস্য ডাকাতির প্রস্তুতি নিয়ে সেখানে জড়ো হয়েছেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ ব্যাপারী (১৯)। তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-৪ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের মধ্যে রনি ব্যাপারীর বিরুদ্ধে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদকসংক্রান্ত চারটি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মো. রনি মিরপুরের ফোর স্টার গ্রুপের সক্রিয় সদস্য ‘বোমা কাল্লু’র ঘনিষ্ঠ সহযোগী বলে জানায় সংস্থাটি। আর হাসিবের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রয়েছে।
এসআরবি-৪-এর ভাষ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।