নতুন সিনেমা ‘ইথা’র চরিত্রে নিজেকে মানিয়ে নিতে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে এই শারীরিক পরিবর্তনই শুটিংয়ের সময় তাঁর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। বিশেষ করে সিনেমার শেষ অংশের গানের নাচের মহড়ায় সমস্যায় পড়তে হয় তাঁকে। শুটিংয়ের দ্বিতীয় দিন গুরুতর চোটও পান অভিনেত্রী। সম্প্রতি এসব অভিজ্ঞতার কথা জানিয়েছেন সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট।
বৈভবী জানান, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন ও বিভিন্ন ধাপ অনুশীলন করা শ্রদ্ধার জন্য কঠিন হয়ে পড়ে। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিচালক লক্ষ্মণ উতেকর উল্টো ক্রমে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে সিনেমার শেষ অংশের গানের দৃশ্য দিয়েই কাজ শুরু হয়। ওই দৃশ্যের জন্য প্রস্তুতির সময় শ্রদ্ধার ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি বেড়েছিল।
বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তনের সময় শ্রদ্ধার হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ছিল। শারীরিক সক্ষমতার ওপরও এর প্রভাব পড়ে। এ কারণে কঠোর মহড়া ও শারীরিক প্রস্তুতির মধ্য দিয়ে এগোতে হয় পুরো দলকে। বৈভবীর ভাষ্য, একেকবার এক ঘণ্টা করে অনুশীলন করতেন তাঁরা।
শুটিংয়ের দ্বিতীয় দিনই চোট পান শ্রদ্ধা। বৈভবী জানান, দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচছিলেন অভিনেত্রী। দিনের তাপে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় নাচের সময় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে চোট পাওয়ার ঝুঁকি তৈরি হয়।
বৈভবী বলেন, এ ঘটনায় পুরো দলের মনোবলে প্রভাব পড়েছিল। তবে ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি এবং নিবিড় ফিজিওথেরাপির পর তাঁরা আবার কাজে ফেরেন। এরপর প্রতিটি লাবনি নাচের মহড়ার আগে ও পরে ওয়ার্মআপ, কুলডাউন ও ফিজিওথেরাপি বাধ্যতামূলক করা হয়।
মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।