কৈশোরে মুখে ব্রণ ওঠা অস্বাভাবিক নয়। এ সময় হরমোনের পরিবর্তনের কারণে ত্বকে তেলের নিঃসরণ বেড়ে যায়। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ দেখা দিতে পারে। তবে সব ব্রণের কারণ যে শুধু হরমোন, তা নয়। খাবারের অসহিষ্ণুতাসহ অন্য শারীরিক সমস্যাও কখনো ত্বকের অস্বস্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কৈশোরের অভিজ্ঞতায় উঠে এসেছে এমনই একটি বিষয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ত্বকের সমস্যার কথা জানান তামান্না। তাঁর ভাষ্য অনুযায়ী, মাত্র ১৫ বছর বয়স থেকেই মুখে ব্রণ দেখা দিতে শুরু করে। মুখে হাত দিলেই ব্যথা অনুভব করতেন তিনি। কখনো নাক, কখনো চোয়ালের গড়ন বদলে যাচ্ছে বলেও মনে হতো। শুরুতে এসব সমস্যাকে বয়ঃসন্ধিকালের স্বাভাবিক হরমোন পরিবর্তনের প্রভাব বলে মনে করেছিলেন।
সমস্যা থেকে মুক্তি পেতে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করালেও পুরোপুরি সুফল পাচ্ছিলেন না। পরে জানতে পারেন, গ্লুটেন ও দুগ্ধজাত খাবার তাঁর শরীরে সহনীয় নয়। এসব খাবারের সঙ্গে ত্বকের সমস্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও ধারণা পান। এরপর খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন তিনি।
গ্লুটেন অসহিষ্ণুতা কী
গম, বার্লি ও রাইয়ের মতো শস্যে প্রাকৃতিকভাবে থাকা এক ধরনের প্রোটিনের নাম গ্লুটেন। রুটি, পাউরুটি, পাস্তা, বিস্কুট ও কেকের মতো নানা খাবারে এটি থাকে। আটার সঙ্গে পানি মেশালে যে আঠালো ভাব তৈরি হয়, তার পেছনেও গ্লুটেনের ভূমিকা রয়েছে।
কিছু মানুষের শরীর গ্লুটেন সহ্য করতে পারে না। এর ফলে পেটব্যথা, পেটফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা ও ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি বা চুলকানিও হতে পারে।
দুধে অসহিষ্ণুতা কেন হয়
দুধে ল্যাকটোজ নামের এক ধরনের প্রাকৃতিক শর্করা থাকে। ক্ষুদ্রান্ত্রে উৎপন্ন ল্যাকটেজ নামের এনজাইম এই শর্করা হজমে সহায়তা করে। শরীরে পর্যাপ্ত ল্যাকটেজ তৈরি না হলে ল্যাকটোজ ঠিকমতো হজম হয় না। এ অবস্থাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজ অসহিষ্ণুতা।
এ ছাড়া দুধ খাওয়ার সঙ্গে শরীরে ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১ (আইজিএফ-১) নামের হরমোনের কার্যকলাপের সম্পর্ক থাকতে পারে। এ হরমোন ত্বকের তেল উৎপাদনে প্রভাব ফেলতে পারে। ত্বকে অতিরিক্ত তেল জমে রোমকূপ বন্ধ হলে ব্রণ হওয়ার প্রবণতা বাড়তে পারে।
তবে গ্লুটেন বা দুধ সহ্য না হলেই যে ত্বকে সমস্যা দেখা দেবে, এমন নয়। একইভাবে ব্রণ হলেই এর জন্য গ্লুটেন বা দুগ্ধজাত খাবারকে দায়ী করা যায় না। ব্রণের পেছনে হরমোনসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তাই ব্রণ দেখা দিলে নিজে থেকে খাবার বাদ না দিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারণ শনাক্ত করে চিকিৎসা করানো জরুরি।