হলিউডের একসময়ের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের একটি অধ্যায়ের অবসান হয়েছে। ফ্রান্সের শাতো মিরাভাল ওয়াইনারির মালিকানা নিয়ে চলা আইনি বিরোধ আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মিটিয়ে নিয়েছেন সাবেক এই দম্পতি। বিচ্ছেদের পর প্রায় আট বছর ধরে চলা টানাপোড়েনের পর এ সমঝোতা হলো।
বুধবার দুই তারকার প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, পরিবারের স্বার্থকে প্রাধান্য দিয়ে আদালতের বাইরে বিরোধের নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমে তাদের ও ঘনিষ্ঠজনদের নামে প্রকাশিত বিভিন্ন বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিনিধিরা।
ব্র্যাড পিট ও জোলির বিরোধের কেন্দ্রবিন্দু ফ্রান্সের শাতো মিরাভাল ওয়াইনারি। ২০০৮ সালে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণকারী অংশীদারত্ব কেনেন তারা। পরে ২০১৪ সালে এই ওয়াইনারিতেই বিয়ে করেন দুজন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একসময়ের স্মৃতিবিজড়িত সম্পত্তিটিই তাদের আইনি বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।
পিটের অভিযোগ, তাঁর সম্মতি ছাড়াই ওয়াইনারিতে জোলির মালিকানাধীন অংশ বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, যৌথ সম্পত্তির অংশীদারত্ব বিক্রির আগে পরস্পরের অনুমতি নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে সমঝোতা ছিল। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে জোলি নিজের অংশ লুক্সেমবার্গভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। প্রতিষ্ঠানটি রুশ ধনকুবের ইউরি শেফলারের নিয়ন্ত্রণাধীন বলেও দাবি করেন পিট। তাঁর অভিযোগ, এর ফলে আপত্তিকর ব্যবসায়িক অংশীদারত্বে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে, পিটের অভিযোগের জবাবে ২০১৬ সালের একটি বিমানযাত্রার ঘটনা সামনে আনেন জোলি। তাঁর অভিযোগ, ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেসে ফেরার পথে ব্যক্তিগত বিমানে পিট তাঁর ও দুই সন্তানের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিক হেনস্থা করেন। চুল ধরে টানা, সন্তানদের সঙ্গে খারাপ আচরণ, পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার এবং তাদের গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগও করেন তিনি।
জোলির আইনজীবীদের ভাষ্য, সন্তানদের প্রতিপালন নিয়ে মতবিরোধের জেরে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে সময় তাঁদের ছয় সন্তানের বয়স ছিল আট থেকে ১৫ বছরের মধ্যে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন পিট। ঘটনার পর পুলিশি তদন্ত হলেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয় এই তারকা জুটির। তবে ওয়াইনারি নিয়ে সমঝোতা হলেও ইউরি শেফলারের নিয়ন্ত্রণাধীন পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টোলি গ্রুপের সঙ্গে পিটের আইনি বিরোধ এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিংয়ে পরিচয় হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। পর্দার রসায়ন একসময় বাস্তব জীবনের প্রেমে রূপ নেয়। হলিউডের অন্যতম আলোচিত জুটি হিসেবে পরিচিতি পান তাঁরা। সংবাদমাধ্যমের দেওয়া ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেও বিশ্বজুড়ে পরিচিত ছিলেন দুজন। তাঁদের সংসারে রয়েছে ছয় সন্তান।