
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে সেরার মুকুট উঠেছে স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর মাথায়। এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম মা হিসেবে মিস ইউনিভার্স হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলট’ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের আসরের চূড়ান্ত পর্ব। সেখানেই বিজয়ী হিসেবে জেনিফারের নাম ঘোষণা করা হয়।
পেশায় মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফারের পেনেলোপি নামে একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘এল নুয়েভো’-এর তথ্য অনুযায়ী, মা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
অনুষ্ঠানে গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ী জেনিফার ব্যারেটোর মাথায় মুকুট পরিয়ে দেন। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ এই মুকুটটি তৈরি করেছেন ডিজাইনার জর্জ উইটেলস ও ‘মেইসন ডি’অর’। ১৮ ক্যারেট সাদা সোনার তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
এবারের প্রতিযোগিতায় জেনিফারের পাশাপাশি সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা। ১১০টির বেশি দেশ ও অঞ্চলের মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নেন ৭৫তম আসরে। টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এবারের আসরে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে ১০ জন ছিলেন মা। তাঁদের মধ্যে একজনের হাতেই উঠল সেরার মুকুট। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগীদের মধ্যে ২২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং পাঁচজন চিকিৎসকও ছিলেন। সেন্ট মার্টিন ও উগান্ডার মতো কয়েকটি দেশও প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে অংশ নেয়।
এদিকে, আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাও পুয়ের্তো রিকোতে আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
তবে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আগে এবারের আয়োজন ঘিরে কম বিতর্ক হয়নি। ভিসা জটিলতার কারণে আফ্রিকার কয়েকজন প্রতিযোগী অংশ নিতে পারেননি বলে জানা গেছে। এ ছাড়া সমুদ্রসৈকতে তৈরি অস্থায়ী হাঁটার পথে প্রতিযোগীদের হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মহড়ার সময় আহত ‘মিস ইউনিভার্স ফ্রান্স ২০২৬’কে হুইলচেয়ারে করে হোটেল থেকে বের করার দৃশ্যও আলোচনার জন্ম দেয়।
এর আগে গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরও নানা বিতর্কে আলোচিত হয়েছিল। সে সময় এক লাইভস্ট্রিমে এক কর্মকর্তার কাছে বিজয়ী ফাতিমা বশের তিরস্কৃত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। বিচারকদের শেষ মুহূর্তে পদত্যাগের ঘটনাও আয়োজনকে ঘিরে অস্থিরতা তৈরি করে। এ ছাড়া প্রাথমিক পর্বে মঞ্চ থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান ‘মিস ইউনিভার্স জ্যামাইকা’ গ্যাব্রিয়েল হেনরি। পরে এ ঘটনায় মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি।