চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে তাঁর সঙ্গে পারফর্ম করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ। ফলে এবারের আয়োজনে দুই সংগীতশিল্পীকে একই মঞ্চে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
অন্যদিকে, সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার খবর জানিয়েছেন ওটিলিয়া। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি উচ্ছ্বসিত বলে জানান। এবারের আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন এই গায়িকা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় গান গেয়েছিলেন ওটিলিয়া।
কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে। টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৬০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।