সৌন্দর্যের প্রতিযোগিতায় এবার বাংলাদেশের সংস্কৃতি, মাতৃত্ব ও জন্মভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরতে চান সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে তাঁর জাতীয় পোশাকে প্রাধান্য পেয়েছে মা ও সন্তানের চিরন্তন বন্ধন। শাড়িকে কেন্দ্র করে তৈরি বিশেষ এই পোশাকের মূল ভাবনা মাতৃত্ব ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা।
নিজের ন্যাশনাল কস্টিউমের থিম ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ (মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন) প্রকাশ করেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পোশাকটির নেপথ্যের ভাবনাও তুলে ধরেন তিনি।
মাতৃত্ব ও মাতৃভূমির সম্পর্ক ব্যাখ্যা করে মাহি লেখেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি পোশাকটিকে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা হিসেবে দেখছেন এই প্রতিযোগী। তাঁর মতে, মা ও সন্তানের সম্পর্কে মিশে থাকে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং আজীবন আগলে রাখার অঙ্গীকার। পোশাকের নকশা ও বিভিন্ন প্রতীকের মাধ্যমে সেই অনুভূতিই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
মাহির প্রত্যাশা, মাতৃত্বের এই বার্তা কোনো দেশ বা সংস্কৃতির গণ্ডিতে আটকে থাকবে না। ভাষা ও ভৌগোলিক সীমা পেরিয়ে বিশ্বের মানুষের হৃদয়ে পৌঁছাবে তাঁর এই উপস্থাপনা। তাঁর কাছে জাতীয় পোশাক কেবল সৌন্দর্য প্রদর্শনের অনুষঙ্গ নয়; মা, মাতৃত্ব ও জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম।
পোশাকের থিম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পেয়েছেন মাহি। পোস্ট দেওয়ার ৪০ মিনিটের মধ্যেই এতে দুই হাজারের বেশি প্রতিক্রিয়া ও দেড় শতাধিক মন্তব্য জমা পড়ে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই প্রতিযোগীকে শুভকামনা জানিয়েছেন অনেকে।
অভিনয় ও মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সামিরা খান মাহি। অসুস্থতার কারণে একপর্যায়ে কাজ থেকে বিরতি নিলেও পরে নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। এবার অভিনয়জগতের পরিচয়ের বাইরে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত মাহি। তবে প্রস্তুতির জন্য সময় কম পাওয়ায় আনন্দের পাশাপাশি কিছুটা উদ্বেগও রয়েছে বলে প্রতিযোগিতায় যাওয়ার আগে জানিয়েছিলেন তিনি।