দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। বিরল স্নায়ুরোগের কারণে শ্রবণশক্তি হারিয়ে গত দুই বছর ধরে অনেকটাই আড়ালে ছিলেন তিনি। এবার চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে একটি বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন এই গায়িকা।
চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুভাষ ঘাই আয়োজন করছেন বিশেষ অনুষ্ঠান ‘ক্যায়া জামানা থা’। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে বসবে এই সংগীতের আসর। অলকা ইয়াগনিককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে যান সুভাষ ঘাই। গায়িকা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
সুভাষ ঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, হাসিমুখে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করছেন অলকা। তাঁর মঞ্চে ফেরার খবরে উচ্ছ্বসিত ভক্তরাও অপেক্ষায় রয়েছেন বহুদিন পর প্রিয় শিল্পীর গান সরাসরি শোনার।
নব্বইয়ের দশক থেকে অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অলকা ইয়াগনিক। তবে ২০২৪ সালে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের শ্রবণশক্তি হারানোর কথা জানান তিনি। বিরল স্নায়বিক সমস্যার কারণে তাঁর কানে শোনার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গায়িকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ সমস্যাকে বলা হয় ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’।
সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মভূষণ সম্মাননা গ্রহণ করেন অলকা ইয়াগনিক। সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, গত দুই বছর ইচ্ছাকৃতভাবেই জনজীবন ও প্রচারের আলো থেকে দূরে ছিলেন। স্বাস্থ্যগত কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, “এই সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন আমাকে শক্তি দিয়েছে।”
দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে অলকা ইয়াগনিকের মঞ্চে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা ও পরিবেশনার ধরন নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।