বাংলাদেশি সিনেমার জন্য আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এলেন অভিনেত্রী নাজিফা আনজুম তুষি। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এই সম্মাননা অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
‘রইদ’ সিনেমায় তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছেও ভালো সাড়া পেয়েছিল।
এর আগেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি তিনটি বিভাগে পুরস্কার জেতে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত—এই তিন বিভাগে স্বীকৃতি পায় ছবিটি।
নতুন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুষি লেখেন, ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে তিনি সম্মানিত ও আনন্দিত।
অভিনেত্রীর ভাষ্য, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো দল আনন্দিত ছিল। এশিয়ার ভালো ও মৌলিক গল্পগুলো হলিউডসহ বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার এমন মঞ্চের অংশ হতে পারাকে তিনি বিশেষ অর্জন হিসেবে দেখছেন। তাঁর মতে, সেখানে বাংলাদেশের কাজ তুলে ধরতে পারা ছিল গর্বের বিষয়।
পুরস্কার পাওয়ার পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তুষি। পাশাপাশি পরিবারের সদস্যদের সমর্থন এবং ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এই অর্জনকে শুধু নিজের নয়, ‘রইদ’-এর পুরো দলের সাফল্য হিসেবে দেখছেন অভিনেত্রী। সিনেমাটির নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত সব শিল্পী ও কলাকুশলীর অবদানের কথা উল্লেখ করে তাঁদের ধন্যবাদ জানান তিনি।