নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। এবার তাঁকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে সম্ভাব্য নায়িকাদের তালিকায় তাঁর নাম রেখেছে যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ। ৪৫ জনের ওই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন তিনি।
পরবর্তী জেমস বন্ড চরিত্রে অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই নতুন ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ভোগের প্রকাশিত তালিকা।
রোববার প্রকাশিত তালিকায় জং হো-ইয়নের অভিনয়দক্ষতার প্রশংসা করেছে সাময়িকীটি। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তাঁর অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ সিনেমায় তাঁর উপস্থিতির কথা তুলে ধরা হয়েছে। ভোগের মতে, নতুন বন্ড ছবির গল্প এশিয়াকে ঘিরে আবর্তিত হলে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন উপযুক্ত পছন্দ।
তবে ভোগের এই তালিকা সাময়িকীটির নিজস্ব মূল্যায়ন। জং হো-ইয়নকে বন্ড-গার্ল হিসেবে নির্বাচনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস।
২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান জং হো-ইয়ন। সিরিজটিতে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারীর চরিত্রে অভিনয় করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজেও দেখা গেছে তাঁকে।
চলতি বছর পরিচালক না হং-জিনের ‘হোপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
ভোগের সম্ভাব্য তালিকায় জং হো-ইয়ন ছাড়াও রয়েছেন মার্গারেট কোয়ালি, জেনডায়া ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা। এর আগে জেমস বন্ড সিরিজে এশীয় অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও কোনো কোরীয় অভিনেত্রী এখনো বন্ড-গার্লের চরিত্রে অভিনয় করেননি। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেছিলেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। জং হো-ইয়ন এই চরিত্রে নির্বাচিত হলে তিনি হবেন সিরিজটির প্রথম কোরীয় বন্ড-গার্ল।
জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট।
কে এই জং হো-ইয়ন
১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম জং হো-ইয়নের। অভিনয়ে আসার আগে মডেল হিসেবে পরিচিতি গড়ে তোলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে দ্বিতীয় স্থান অর্জনের পর আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজের সুযোগ পান।
লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। ২০২১ সালে ‘স্কুইড গেম’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। সিরিজটিতে অভিনয়ের সুবাদে ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। এরপর হলিউডের বিভিন্ন কাজেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।