সংবাদপাঠিকা থেকে ঢালিউডের আলোচিত নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন

সংবাদপাঠিকার পরিচয় ছেড়ে বড় পর্দায় পা রেখেছিলেন শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকেই জুটি বাঁধেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এরপর এক

2026-11-21T11:47:17+00:00
2026-11-21T11:48:19+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিনোদন
সংবাদপাঠিকা থেকে ঢালিউডের আলোচিত নায়িকা বুবলী
বিনোদন ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ২১.১১.২০২৬ ১১:৪৮ এএম
সংবাদপাঠিকা থেকে ঢালিউডের আলোচিত নায়িকা বুবলী
সংবাদপাঠিকার পরিচয় ছেড়ে বড় পর্দায় পা রেখেছিলেন শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকেই জুটি বাঁধেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এরপর এক দশকের পথচলায় জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়ের বৈচিত্র্যেও নিজেকে আলাদা করে চেনানোর চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

২০১৬ সালে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। ছবিতে তাঁর নায়ক ছিলেন শাকিব খান। একই ঈদে মুক্তি পায় এই জুটির আরেক সিনেমা ‘শুটার’। দুটি ছবির সাফল্যের পরই দর্শকের নজরে আসেন বুবলী।

এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’-এর মতো সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। একের পর এক ছবিতে তাঁদের জুটি দর্শকপ্রিয়তা পায়। সেই সুবাদে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় জায়গা করে নেন বুবলী।

তবে পর্দার বাইরেও শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ছিল নানা আলোচনা। দীর্ঘদিন গুঞ্জনের মধ্যেই থাকার পর ২০২২ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন দুজন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির চ্যালেঞ্জ সামনে আসে বুবলীর। শুধু একজন জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয়ে সীমাবদ্ধ না থেকে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরতে অন্য নায়কদের সঙ্গেও কাজ শুরু করেন তিনি।

নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন বুবলী। এসব ছবিতে চরিত্রের বৈচিত্র্যও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রে অভিনয় করে দর্শক ও নির্মাতাদের প্রশংসা পান তিনি।

‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন বুবলী। এ ছাড়া ‘প্রহেলিকা’য় অভিনয়ের জন্য বিএফডিএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

সব মিলিয়ে সংবাদপাঠিকা হিসেবে যাত্রা শুরু করে চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেছেন বুবলী। শাকিব খানের সঙ্গে জুটি, ব্যক্তিগত জীবনের আলোচনা কিংবা একক অভিনয়ের স্বীকৃতি—সব মিলিয়ে ঢালিউডে তাঁর পথচলা এখনো নানা মাত্রায় বিস্তৃত হচ্ছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: