বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে একনজর দেখতে কলকাতায় ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শহরের দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় শনিবার (২১ নভেম্বর) হাজির হন তিনি। উপলক্ষ ছিল একটি বিপণিবিতানের উদ্বোধন। তাঁর উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
‘দিলবার’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নোরা বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন নাচের দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে। তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। কলকাতায় আসার খবর পেয়ে তাঁকে একঝলক দেখতে বৃষ্টিভেজা আবহাওয়াতেও ভিড় করেন অনেকে।
এদিন নোরাকে দেখা যায় ভিন্ন সাজে। চুলের সামনের অংশে ফ্রিঞ্জ, পরনে নীল জিন্স ও কালো ক্রপ টপ। ভক্তদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন তিনি। তাঁদের অনুরোধে পরিচিত হাসি দিয়ে সাড়া দেন অভিনেত্রী।
উপস্থিত দর্শকদের উদ্দেশে নোরা বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।’
কথা শেষ করে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইশারাও করেন তিনি। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ নোরার অভিনীত গানও গেয়ে শোনান।
সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ প্রশংসা পেয়েছে। কলকাতায় তাঁর এই সংক্ষিপ্ত সফরেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।