স্বামী বিজয় দেবেরাকোন্ডার প্রতি ভালোবাসা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিজয় মুখে নিজের অনুভূতি প্রকাশ না করলেও তাঁর আচরণ ও অভিব্যক্তি থেকে ভালোবাসা বুঝতে পারেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। স্বামীর এই নীরব অনুভূতিই তাঁর কাছে সবচেয়ে বিশেষ।
আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রচারের অংশ হিসেবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাশমিকা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বিজয়ের কোন অভ্যাসটি তাঁর সবচেয়ে ভালো লাগে। জবাবে অভিনেত্রী বলেন, সাধারণত তাঁকে এমন প্রশ্ন করা হয় না। বরং সবাই জানতে চান, বিজয়ের কোন বিষয়টি তাঁর অপছন্দ।
রাশমিকার ভাষ্য, বিজয়ের ভালো লাগার মতো অনেক কিছুই রয়েছে। এর মধ্যে অন্যতম তাঁর অনুভূতি প্রকাশের ধরন। বিজয় মুখে কিছু না বললেও তাঁর মনের কথা রাশমিকা বুঝতে পারেন। এটি সাধারণ কোনো অনুভূতি নয়, বরং ভালোবাসার গভীর একটি প্রকাশ বলে মনে করেন তিনি।
সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী, সে প্রসঙ্গেও নিজের মত তুলে ধরেন রাশমিকা। তাঁর মতে, সম্পর্কে দুজনের স্বচ্ছন্দ থাকা, একে অপরকে বোঝা এবং জীবনের নানা বিষয় ভাগ করে নেওয়া জরুরি। খাবার থেকে শুরু করে স্বপ্ন—সবকিছু নিয়েই সঙ্গীর সঙ্গে খোলামেলা সম্পর্ক থাকা প্রয়োজন।
অভিনেত্রীর মতে, পারস্পরিক বোঝাপড়া তৈরি হলেই একটি সম্পর্ক পূর্ণতা পায়। বিয়ের সময় ঘনিয়ে এলে সেই বোঝাপড়া আরও গভীর হয়। তখন অনেক কিছু মুখে বলে প্রকাশ করার প্রয়োজন পড়ে না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিজয় ও রাশমিকা। বিশেষ করে বিজয়ের কয়েকটি মন্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
পরিস্থিতির মধ্যে তারকা দম্পতি ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি দেন। পাশাপাশি তাঁদের দল ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে হায়দরাবাদ সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করে।
অনুষ্ঠানে বিজয় দাবি করেছিলেন, বিয়ের কথা ভাবার আগে এক বছরে রাশমিকা তাঁকে ১০০ বার প্রস্তাব দিয়েছিলেন। প্রাক্-বিবাহ অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রসঙ্গও তুলেছিলেন তিনি।
এ ছাড়া রাশমিকার আঙুলে থাকা একটি আংটিকে বাগদানের আংটি বলে অনেকে ধারণা করায় ক্ষোভ প্রকাশ করেন বিজয়। ওই আংটি তাঁর রুচির সঙ্গে যায় না বলেও মন্তব্য করেছিলেন তিনি। এসব আলোচনা-সমালোচনার পর এবার স্বামীর প্রতি ভালোবাসা ও তাঁদের পারস্পরিক বোঝাপড়ার কথাই সামনে আনলেন রাশমিকা।