অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ। তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী উপস্থিত হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী।
আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার নির্ধারিত তারিখ সম্পর্কে জানার পরও আদালতে হাজির হননি তানজিন তিশা। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন সানায়া আনাম। এরপর মামলাটি প্রত্যাহার করতে তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হলে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।