স্বামী মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় সেই পোস্ট সরিয়ে নিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্ট বৃহস্পতিবার সকালে আর দেখা যায়নি। তবে কেন পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি গায়িকা।
অথচ বিচ্ছেদের ঘোষণার মাত্র ১৫ দিন আগে মেহেদীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ন্যানসি। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। এর দুই সপ্তাহের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এই সংগীতশিল্পী।
বুধবার (২৫ নভেম্বর) রাতে দেওয়া পোস্টে ন্যানসি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন ন্যানসি। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যয়ও জানান তিনি।
বিচ্ছেদের পোস্টটি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে ফেসবুকে আরেকটি পোস্ট দেন ন্যানসি। সেখানে বারান্দায় থাকা বাগানবিলাস গাছের ছবি দিয়ে লেখেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। পরের বছরের জুনে তাঁদের ঘরে আসে এক কন্যাসন্তান।
এর আগে আরও দুটি সংসার করেছিলেন এই গায়িকা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ওই সংসারে তাঁদের কন্যা রোদেলার জন্ম হয়। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। এ সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় সংসারের বিচ্ছেদের খবর জানান এই সংগীতশিল্পী।