রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের রেশ না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন আয়োজক নাঈম আশরাফ। ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কলম্বিয়ান পপ তারকা শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ। তাঁর আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে ঢাকার মঞ্চে দেখা যেতে পারে বিশ্বখ্যাত এই সংগীতশিল্পীকে।
‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো জনপ্রিয় গানের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত শাকিরা। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আরও ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। গানটি এখনো শ্রোতাদের কাছে সমান সমাদৃত।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া শাকিরার কনসার্ট ঢাকায় আয়োজন করা গেলে তা দেশের বিনোদন অঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে।
তবে ঢাকায় কনসার্ট করার বিষয়ে শাকিরার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মতি বা ঘোষণা আসেনি। আয়োজকেরাও অনুষ্ঠানটির বিস্তারিত প্রকাশ করেননি। ফলে আপাতত শাকিরার ঢাকা সফরের বিষয়টি আয়োজকদের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।