সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় এবং নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী হতাহত হয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত বা প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।
এর মাত্র ১২ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। দ্বিতীয় ঘটনায় দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
সূত্র: গালফ নিউজ ও খালিজ টাইমস