লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহতের সংখ্যা অজানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নোঙর করা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও

2026-11-23T10:08:44+00:00
2026-11-23T10:08:44+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহতের সংখ্যা অজানা
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম 
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহতের সংখ্যা অজানা
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নোঙর করা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলায় কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি অবস্থান করা জাহাজটিতে হামলা হয়। বন্দরসংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাতে পাওয়া তথ্যে বলা হয়েছে, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির বড় অংশ উল্টে পানিতে ডুবে গেছে। কেবল সামনের অংশ পানির ওপরে রয়েছে। ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। জেটির আশপাশেও ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

বেনগাজিভিত্তিক প্রশাসন আগেই জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে নোঙর করেছিল।

রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। রাশিয়ার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছাকাছি মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটে। বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে স্থানীয় আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বেনগাজির উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

আন্তর্জাতিক সংঘাতের বিস্তারের আশঙ্কা

বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, হামলার পরিস্থিতি, উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের দাবি, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হামলার স্থানটি নিরাপদ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন এই হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে তারা।

এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ডিসেম্বরে ইউক্রেনও জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে আকাশপথে ড্রোন হামলা চালিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক তালহা আব্দুলরাজাক আলজাজিরাকে বলেছেন, বেনগাজির বন্দরে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে।

তাঁর ভাষ্য, গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তির কথা উঠে এসেছিল। ওই চুক্তির আওতায় লিবিয়ায় ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার কথা ছিল। বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের কাছ থেকে সামরিক দক্ষতা ও সহায়তা পাওয়ার কথা ছিল।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া কার্যত বিভক্ত। ওই বছরের শেষ দিকে তিনি নিহত হন। বর্তমানে রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলের বেনগাজিতে একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে।

আব্দুলরাজাকের মতে, লিবিয়ায় এই হামলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাব অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে তাঁর দেশের দূরপাল্লার হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করে আসছেন।

এদিকে পূর্বাঞ্চলীয় লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তাঁর সরকার।

এক বিবৃতিতে হাম্মাদ বলেন, ‘এমন সন্দেহ রয়েছে যে নৌকাগুলো পশ্চিম লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা প্রয়োজন এবং তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত।’

তেলসমৃদ্ধ লিবিয়া দীর্ঘদিন ধরেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সাম্প্রতিক হামলার ঘটনা দেশটির অভ্যন্তরীণ বিভক্তির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা ও এপি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: