চীনের প্রযুক্তি নগরী শেনজেনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে দুই নেতার বৈঠকে সম্পর্ক উন্নয়নের বার্তা এলেও পর্দার আড়ালে দুই দেশের প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেমে নেই। বরং উন্নত প্রযুক্তির চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ এবং এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে গোয়েন্দা তৎপরতার অভিযোগে সেই বিরোধ আরও জটিল হয়ে উঠেছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে শেনজেনে যান ট্রাম্প। সেখানে শি জিনপিংয়ের সঙ্গে চলতি বছরে তৃতীয়বারের মতো বৈঠক করেন তিনি। বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে এই বৈঠককে দুই দেশের উত্তেজনা প্রশমনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে বৈঠকের মাত্র দুই দিন আগে চীনের উন্নত প্রযুক্তির চিপ পাওয়ার সুযোগ আরও সংকুচিত করতে নতুন লাইসেন্সের শর্ত আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। একই সময়ে আলোচনায় আসে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ।
অভিযোগ রয়েছে, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত এক নারীর সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। তবে এ অভিযোগ নাকচ করেছে বেইজিং।
হংকংভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আইন বিশেষজ্ঞ বেঞ্জামিন কস্ট্রজেওয়ার মতে, এনভিডিয়াকে ঘিরে বিতর্ক এবং নতুন রফতানি বিধিনিষেধ যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সাময়িকভাবে তৈরি হওয়া সমঝোতাকে আরও নাজুক করে তুলেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধকে ‘অর্থনৈতিক জবরদস্তি’ বলে আখ্যা দিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ও এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। ওই চুক্তি অনুযায়ী, শুল্ক কমানোর বিনিময়ে চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনা বাড়ানো এবং বিরল খনিজ রফতানিতে বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দেয়। দুই মাসের বর্ধিত মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা।
বিশ্লেষকদের মতে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে দুই দেশই বিপুল বিনিয়োগ করছে। অন্যদিকে, বিরল খনিজের বড় অংশের সরবরাহ নিয়ন্ত্রণে থাকায় পাল্টা পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতাও রয়েছে চীনের।
আগামী ডিসেম্বরে জি-২০ সম্মেলনে আবারও ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ওই সম্মেলনের আগে দুই দেশের মধ্যে সমঝোতার সুযোগ থাকলেও এরপর প্রযুক্তি ও বাণিজ্য নিয়ে বিরোধ আরও তীব্র হতে পারে।
সূত্র: সিএনএন