ইরান বর্তমানে এমন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে, যার মোকাবিলা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক চাপ ও নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখায় উদ্যোক্তা ও উৎপাদকদের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল আধিপত্যবাদী ও নিপীড়ক শক্তি ইরানকে দুর্বল করে ভেতর থেকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে। কিন্তু নানা প্রতিকূলতার মধ্যেও দেশটির ব্যবসায়ী ও উৎপাদকেরা দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের ওপর চলমান অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে সরাসরি সামরিক সংঘাতের তুলনায় অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা বেশি কঠিন হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্রের যুদ্ধ চোখে দেখা গেলেও অর্থনৈতিক যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী। এর চাপ পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের ওপর।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে চাপে রয়েছে ইরান। দেশটির জ্বালানি, ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ খাত এসব সংকটের প্রভাব মোকাবিলা করছে। বিশেষ করে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে সীমাবদ্ধতা এবং বৈদেশিক মুদ্রার সংকট অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বৈঠকে আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। তিনি জানান, শীতকালে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং লোডশেডিং এড়াতে সরকার কাজ করছে।
শীতকালে ইরানে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে জ্বালানি সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ।
বৈঠকে অর্থনৈতিক উৎপাদন অব্যাহত রাখা, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং শীত মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।