বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের খ্রিষ্টীয় ধর্মীয় পরিবেশে বড় করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সেখানে লেভিট লেখেন, বিয়ে করুন, বেশি সন্তান নিন, সন্তানদের গির্জায় বড় করুন এবং তাদের আমেরিকাকে ভালোবাসতে শেখান।
পোস্টটির সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন তিনি। ওই প্রতিবেদনে একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
লেভিটের এই আহ্বান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেছেন। তবে সমালোচকদের একাংশের মতে, সন্তানদের ধর্মীয় বিশ্বাস ও জীবনযাপনের ধরন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া উচিত।
বিতর্কে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও। সমালোচকদের যুক্তি, এসব ব্যয়ের কারণে অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন হয়ে পড়েছে।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে বিষয়টিকে দেখা ঠিক নয়। আরেকজন প্রশ্ন তোলেন, যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পক্ষে নন, তাঁরাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছেন কেন?
আরেক ব্যবহারকারী লেভিটের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের পক্ষে আরেকটি সন্তান নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।