বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটিতে বর্তমানে যা ঘটছে, তা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটি।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা চলছে। এ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তিনি চলমান অস্থিরতার পেছনে ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির অবস্থান আগের মতোই রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল—ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো অবস্থান না জানালেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথা উঠে এসেছে।
সূত্র: পিটিআই ও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস