মার্কিন আলুতে রোগবালাইয়ের শঙ্কা, আমদানি ঠেকাতে জাপানি কৃষকদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে কাঁচা আলু আমদানির ওপর ৭৬ বছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি

2026-11-21T12:56:18+00:00
2026-11-21T12:56:49+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন আলুতে রোগবালাইয়ের শঙ্কা, আমদানি ঠেকাতে জাপানি কৃষকদের প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ১২:৫৬ পিএম
মার্কিন আলুতে রোগবালাইয়ের শঙ্কা, আমদানি ঠেকাতে জাপানি কৃষকদের প্রতিবাদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে কাঁচা আলু আমদানির ওপর ৭৬ বছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে জাপান। এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য এই পদক্ষেপ ঘিরে দেশটির কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

কৃষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আলু আমদানির অনুমতি দেওয়া হলে বিদেশি ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই জাপানে ছড়িয়ে পড়তে পারে। এতে স্থানীয় আলুচাষ হুমকির মুখে পড়বে। পাশাপাশি তুলনামূলক কম দামের আমদানি করা আলুর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে গিয়ে ক্ষতির মুখে পড়তে পারেন দেশীয় উৎপাদকেরা।

আলু আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন নয়। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদেই ওয়াশিংটন বিষয়টি জাপানের কাছে তুলেছিল। চলতি বছরের মার্চে মার্কিন আইনপ্রণেতারাও প্রধানমন্ত্রী সানা তাকাইচির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনের জন্য ট্রাম্পকে আহ্বান জানান। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের আলোচনাতেও আলু আমদানির প্রসঙ্গ আসে।

পর্যবেক্ষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে দর-কষাকষিতে আলু আমদানির বিষয়টি আলোচনার হাতিয়ার হয়ে উঠতে পারে। ফলে কৃষি খাতের উদ্বেগের পাশাপাশি কূটনৈতিক ও বাণিজ্যিক হিসাব-নিকাশও জাপানকে বিবেচনায় নিতে হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্যসংকট মোকাবিলায় জাপানের খাদ্যব্যবস্থায় আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশটি মোট খাদ্যের প্রায় ৬০ শতাংশ আমদানি করলেও কাঁচা আলু ও চালের ক্ষেত্রে কঠোর আমদানি নীতি বজায় রেখেছে।

বিদেশি রোগবালাই থেকে স্থানীয় উৎপাদন সুরক্ষায় ১৯৫০ সালে আলু আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের আলু শুধু আলুর চিপস তৈরির জন্য আমদানির অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রেও রয়েছে কঠোর শর্ত। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সিল করা কনটেইনারে আলু আনতে হয় এবং উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করতে হয়।

জাপানের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে অন্তত ২১ ধরনের পোকামাকড় ও রোগবালাই দেশটির আলুচাষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর মধ্যে রয়েছে সিস্ট নেমাটোড নামের ক্ষুদ্র কৃমিসদৃশ পরজীবী। এটি আলুর শিকড়ে আক্রমণ করে এবং মাটিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে।

২০১৫ সালে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর কয়েকটি এলাকায় এই পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়। আক্রান্ত এলাকাগুলোতে এখনো বিধিনিষেধ বহাল রয়েছে। দেশটির মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে হোক্কাইডো থেকে। ফলে সেখানে নতুন করে রোগবালাই ছড়িয়ে পড়লে জাতীয় উৎপাদন বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনার প্রতিবাদে হোক্কাইডোসহ বিভিন্ন অঞ্চলের কৃষক ও কৃষি সমবায় সংগঠনগুলো ইতিমধ্যে কর্মসূচি শুরু করেছে। কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সমাবেশও করেছেন তাঁরা। সোমবার হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকি কৃষিমন্ত্রী আরাতা তাকেবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আলোচনায় জাপানের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

জাপানি কর্মকর্তাদের ভাষ্য, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করতে হবে। তবে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আমদানি করা আলুর জন্য বিশেষ পরিদর্শনসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে সরকারের।

তবে কৃষকদের প্রশ্ন, নিজেদের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্র থেকে কাঁচা আলু আমদানির প্রয়োজন হবে? তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে সরকার শেষ পর্যন্ত স্থানীয় কৃষকদের উদ্বেগকে গুরুত্ব না-ও দিতে পারে।

সূত্র: আল-জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: