মজুরি বাড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্যসহ জনসেবামূলক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয় ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির এই আন্দোলনের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের বিক্ষোভ কর্মসূচিরও যোগসূত্র রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি ছিল।
ইতালিতে সিজিআইএলের পাশাপাশি কোবাসসহ কয়েকটি শ্রমিক সংগঠন পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন শহরে শিক্ষার্থীরাও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সিজিআইএলের ডাকা ধর্মঘট চলে পুরো কর্মদিবস। সরকারি ও বেসরকারি—দুই খাতের কর্মীরাই এতে অংশ নেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও ধর্মঘটে যোগ দেন। তবে বিমান ও রেল চলাচলকে সাধারণ ধর্মঘটের বাইরে রাখা হয়। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতায় স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব ছিল সীমিত।
২০২৭ সালের সংসদ নির্বাচন সামনে রেখে এই আন্দোলন রাজনৈতিক গুরুত্বও পেয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর দেশজুড়ে হওয়া আন্দোলনেও হাজারো শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে রাজপথে নেমেছিলেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রা ও আবাসন ব্যয়ের চাপ কমানো।
ওই আন্দোলনের পরও বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি ব্যয়ের অগ্রাধিকারে পরিবর্তন এবং সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েও আপত্তি জানাচ্ছেন তাঁরা।
এদিকে, ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য প্রধানমন্ত্রী মেলোনির প্রস্তাবিত ২৬ বিলিয়ন ইউরোর বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের মতে, মানুষের আয় বৃদ্ধি এবং জনসেবামূলক খাতের চাহিদা পূরণে এই বরাদ্দ যথেষ্ট নয়। ইতালির অর্থনৈতিক সংবাদমাধ্যম ইতালিয়া ওজির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটের সামান্য অংশই ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
শুক্রবারের সাধারণ ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন ইতালির শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, ‘বাজেটের বিষয়বস্তু সম্পর্কে জানার আগেই লানদিনি ধর্মঘটের ডাক দিয়েছেন।’
তবে বিক্ষোভকারীদের প্রতি সম্মান জানানোর কথাও বলেন তিনি। উরসোর ভাষ্য, যারা আন্দোলন করছেন এবং পার্লামেন্টে বাজেট সংশোধনের প্রস্তাব দিয়েছেন, তাঁদের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। পার্লামেন্টে আলোচনা শেষে বাজেট আরও উন্নত করা হবে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স