হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার দিবাগত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।
বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে প্রতিহত করা হয়। পরে সেটি ধ্বংস ও ভূপাতিত করা হয়।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘপাল্লার এই ড্রোন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়। মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ আকাশযানগুলোর একটি এটি।
সূত্র: আলজাজিরা