পারমাণবিক অস্ত্র নয়, ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতা চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসনই তেহরানকে পারমাণবিক অস্ত্র

2026-11-22T11:22:21+00:00
2026-11-22T11:22:21+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পারমাণবিক অস্ত্র নয়, ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতা চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম 
পারমাণবিক অস্ত্র নয়, ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতা চান ট্রাম্প
ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসনই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরানও। তবে নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা পাওয়াকে চুক্তির অন্যতম শর্ত হিসেবে দেখছে দেশটি।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ অবস্থানের কথা জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান অতীতে একাধিকবার চুক্তির শর্ত ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তেহরান তা থেকে সরে যায় বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ এ কারণে এবার দীর্ঘস্থায়ী সমঝোতা চান বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’

তিনি আরও জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতিগত অবস্থান পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, চুক্তিতে সেই নিশ্চয়তা রাখতে চান।

ইরানে সরকার পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, দেশটির নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’

ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় আলোচনার ক্ষেত্রে বেশি বাস্তববাদী হতে পারে বলে মনে করেন ট্রাম্প। তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে তেহরান। তবে আলোচনায় বসার আগে নতুন করে যুদ্ধ শুরু না হওয়ার নিশ্চয়তা চায় ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তেহরান এমন একটি সমঝোতা চায়, যা ভবিষ্যতে আর কোনো সংঘাতের আশঙ্কা তৈরি করবে না।

আরাগচি বলেন, আলোচনায় অগ্রসর হওয়ার আগে যুক্তরাষ্ট্র যে আন্তরিকভাবে সমঝোতা চায়, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।

ইরানের পারমাণবিক নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়েও দেশের ভেতরে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে ইরানের অভ্যন্তরে মতভেদ রয়েছে। চীন ও রাশিয়াও এ ধরনের পরিবর্তনের বিরোধিতা করছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরাগচির ভাষ্য অনুযায়ী, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ বিষয়ে ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে ইরান প্রস্তুত। তবে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।

আরাগচির ভাষায়, ‘আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।’


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: