ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণে নিয়োজিত একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে শনিবারের এসব ঘটনায় নিহত হয়েছেন চারজন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় খাবার ও পানীয় বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি ড্রোন। গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের জন্য যাচ্ছিল। হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় পরিবারগুলোর জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার জন্য থামার মুহূর্তে সেটিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, গাড়িটি দরিদ্র মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার-পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের হাতে খাবার তুলে দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
আলজাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজা সিটি থেকে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি ফেরেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের প্রতিদিনের বাস্তবতা।
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যে নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে শীতের বৃষ্টি ও বন্যা। গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।