চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর টেলিফোন

2026-11-23T11:08:32+00:00
2026-11-23T11:08:32+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম 
চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর টেলিফোন ও আনুষ্ঠানিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি চিঠি পাঠানোর ব্যবস্থাও করেছিলেন। কিন্তু তাতেও সাড়া দেননি পিয়ংইয়ংয়ের নেতা। উল্টো নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ট্রাম্প। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

এরপর কিমের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেয় হোয়াইট হাউস। এ বিষয়ে অবগত কয়েকটি সূত্র জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য মার্কিন কর্মকর্তাদের একটি দল কার্যালয়টির বাইরে অপেক্ষা করছিলেন।

একপর্যায়ে উত্তর কোরিয়ার এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে চিঠিটি তুলে দেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু পরে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি করানো। তবে বর্তমানে কিমের মধ্যে এ বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে না। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার ক্ষেত্রেও অনাগ্রহী তিনি বলে মনে করা হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজন করতে চেয়েছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে সম্ভাব্য বৈঠক নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়। তবে কিমের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি।

গত বছর প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষি করে তা ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই কিমের।

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের সর্বশেষ সাক্ষাতের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় দেশটির হাতে আনুমানিক ২০ থেকে ৩০টি পারমাণবিক ওয়ারহেড থাকলেও বর্তমানে তা প্রায় ৬০টিতে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে দেশটি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও দেশটি অর্থ সংগ্রহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। অন্যথায় দুই দেশকে দীর্ঘস্থায়ী বৈরিতার মধ্যে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি।

ট্রাম্প ও কিমের সম্পর্কের শুরুটা অবশ্য ছিল বেশ উত্তপ্ত। ২০১৭ সালের ১ জানুয়ারি কিম জানিয়েছিলেন, উত্তর কোরিয়া প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, এমনটা ঘটতে দেওয়া হবে না।

পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তবে শুধু একটি চুক্তি করে রাজনৈতিক সাফল্য দেখানো তাঁর লক্ষ্য নয় বলে জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে হবে।

২০১৮ সালের সেপ্টেম্বরে কিমের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন।

২০১৯ সালে দুই নেতার আরেকটি বৈঠক হয়। ওই আলোচনায় কিম উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

এরপর উত্তর কোরিয়া কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করে। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরা থাকে এবং চলন্ত যান থেকেও উৎক্ষেপণ করা যায়। ফলে উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। ওই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, রাশিয়াকে রকেট ও কামানের গোলা সরবরাহ করছে উত্তর কোরিয়া।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিহাসের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। দেশটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি চুরি করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: