যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক প্রতিপক্ষকে মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেছেন, বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মোস্তফা ইজাদি বলেন, ‘ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো মাত্রার ও ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এই সক্ষমতা ও পথচলা অব্যাহত থাকবে।’
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রতিপক্ষের দাবিও প্রত্যাখ্যান করেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা। তাঁর ভাষ্য, শত্রুপক্ষ দাবি করেছিল, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।
ইজাদির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ চলছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাতের অবসানে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।
গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। তাঁর এই মন্তব্যে সংঘাতের অনিশ্চয়তা এবং কূটনৈতিক অচলাবস্থার চিত্র ফুটে ওঠে।
এমন পরিস্থিতিতে আইআরজিসির উপপ্রধানের বক্তব্যকে ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ সক্ষমতা নিয়ে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যেকোনো নতুন হুমকির জবাবে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই ইরানের সামরিক নেতৃত্বের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।