হিজাববিহীন কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

আন্তর্জাতিক

হিজাব না পরে কনসার্টে গান পরিবেশনের ঘটনায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত

2026-11-24T11:32:50+00:00
2026-11-24T11:32:50+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হিজাববিহীন কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম 
হিজাববিহীন কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
হিজাব না পরে কনসার্টে গান পরিবেশনের ঘটনায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘন এবং অনলাইনে অশালীন বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। পাশাপাশি দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। খবর আল মনিটরের।

ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানায়, পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগী প্রত্যেকেই ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি পেয়েছেন। আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং তাঁর প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়।

২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নিয়েছিলেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। হাতাকাটা পোশাক পরে তিনি পরিবেশন করেন ঐতিহ্যবাহী ইরানি গান। কনসার্টটির ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। ভিডিওটি এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে।

অনুষ্ঠানের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। অবশ্য অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত বছরের জুনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল থাকে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে এ বিধির প্রয়োগ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিশেষ করে ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাববিরোধী আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের ছবি প্রকাশ করছেন।

এ পরিস্থিতিতে হিজাব আইন কার্যকরে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে আসছেন ইরানি কর্মকর্তারা। গত সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে প্রয়োগ করতে পারছে না। তবে আইন অমান্যের প্রবণতা তার আগেই বাড়তে শুরু করেছিল।

গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক কর্মকর্তা জানান, নারীদের হিজাববিধি মানতে বাধ্য করার লক্ষ্যে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।

হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের কয়েকজন শিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্রকাশিত একটি গানে নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান ছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশনের ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। তবে ঠিক কবে তিনি মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়।

সূত্র: আল মনিটর, বিবিসি ও ইরান ইন্টারন্যাশনাল


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: